নাহিদ এনাম | ২৬ সেপ্টেম্বর, ২০১৬
গতকালের (রোববার, ২৫ সেপ্টেম্বর) ম্যাচে আফগানিস্তানের সাকিব ছিল, মাহমুদুল্লাহ ছিল, তাসকিন ছিল কিন্তু তাদের ছিলনা একজন মাশরাফি, আর এই একজনের পার্থক্যের কারণেই হারের অনেক কাছে গিয়েও ম্যাচ জিতেছি আমরা।
আপনি দেখুন বাংলাদেশে ‘সাকিব হেটার’ আছে ‘তামিম হেটার’ আছে কিন্তু শুধু ‘ম্যাশ হেটার’ পাবেন না সেভাবে।
বর্তমানে বাংলাদেশে সবদিক থেকে সবথেকে জনপ্রিয় ব্যক্তিটির নাম এই মাশরাফি। এত কিছুর কারণ কিন্তু এমনি এমনিতেই হয়ে যায়নি, হয়েছে তার যোগ্যতায় মানসিকতায় ব্যক্তিত্বে এবং হার না মানা যোদ্ধা স্বভাবে, যে গুণগুলি আমাদের দেশের প্রতিটি তরুণ যুবকের থাকা প্রয়োজন।
দেশের প্রতিটি সেক্টরে প্রজন্মের প্রতিটি সদস্য যদি এই মাশরাফির হতাশাহীন অদম্য স্বভাবটিকে নিজের স্বভাব করতে পারে তাহলে এই দেশ এই সমাজ পজিটিভ পরিবর্তনে বিশাল কার্যকরী ভূমিকা রাখবে নিশ্চিত।
আমাদের সমাজে একটি বাজে প্রথার প্রচলন আছে যে একজন গুণী মানুষ বেঁচে থাকতে অথবা তার কাজের পুরস্কার উপভোগের সময়ে আমরা তাকে পুরস্কৃত করিনা, বরং বেশিরভাগ সময়ে গুণী ব্যক্তিটি মৃত্যুবরণ করে আমাদের ছেড়ে চলে গেলে অথবা একেবারে মুমূর্ষু অবস্থায় উপনীত হলে তাকে মূল্যায়ন করতে আমরা পাগল হয়ে যাই! এটা খুবই ফালতু একটা বিষয়,আর মাশরাফিকে নিয়েও এমনটাই হবে একসময় যখন সে থাকবেনা।
তাই আসুন মাশরাফি আমাদের ক্যাপ্টেন থাকা অবস্থায় আমাদের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এর একটা স্ট্যান্ড এর নাম 'মাশরাফি স্ট্যান্ড' নামকরণের দাবিতে সোচ্চার হই।
মাশরাফি তার জীবন উজাড় করে আমাদের দিয়ে যাচ্ছে,আসুন আমরা অন্তত আমাদের মন উজাড় করে তার জন্য কিছু করি।