সোশ্যাল মিডিয়া ডেস্ক | ২৭ সেপ্টেম্বর, ২০১৬
ক্যান্সারের সাথে লড়াই করে মঙ্গলবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তাঁকে নিয়ে ফেসবুকে স্মৃতিচারণ করেছেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ কন্যা, শিল্পী শাওন মাহমুদ।
শাওন মাহমুদ লিখেছেন-
বিউটি বোর্ডিং এর দুপুরে ভাতের থালায় হাতের আঙ্গুল ডুবিয়ে। লাল ঝোলে ইলিশের তরকারীতে। বাবার বড় বড় লোকমায় ভাত খাবার গল্প শুনেছিলাম তাঁর কাছে। বলেছিলেন তিনি, তোমার বাবা ভাত খেতে খুব পছন্দ করতো। আমার চেয়ে ছোট বয়সের আলতাফ এখন নেই। আমি তাঁর কন্যার সামনে বসে আছি।
এরপর তিনি উদাস হয়ে অন্য দিকে তাঁকিয়ে ছিলেন।
আজ অনেক মনে হচ্ছে সেদিনের কথা।
বিশাল আয়ত্বের মানুষেরা বেঁচে থাকার সময় তাঁদের কাজের পরিধি বা জীবনযাপনের সীমানা মাপতে পারি না আমরা। আগামী দশক হতে আরেক দশকেও তাঁকে বুঝে শেষ করতে পারবো কিনা জানি না। অনেক লেখক আসবেন। কবি আসবেন। কিন্তু তিঁনি আর ফিরে আসবেন না। এঁনারা একবারই জন্ম নেন। আমাদের চমকে দেওয়ার জন্য আসেন। চলে যান যখন। তখন আর পেছনে ফিরে তাকান না। তাঁদের ফিরে তাকানোর দরকার হয় না আর কোন কারনেই।
ভালোবাসার মানুষের মৃত্যুদিন থাকতে নেই।