Sylhet Today 24 PRINT

তুষারপাত ‘উদযাপনে’ বিখ্যাত দুই বোন, ফেসবুকে আলোচনা

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৭

চারদিকে তুষারপাত হচ্ছে। যেনো সাদা চাদর পরে আছে প্রকৃতি। এর মধ্যে দাঁড়িয়ে আছেন দুই নারী। সম্পর্কে তাঁরা দুই বোন। নিজেদের মধ্যে ছেলেবেলার মতো আনন্দে মেতে ওঠেছেন তাঁরা।

সুইজারল্যান্ডের দাভোস থেকে শুক্রবার সন্ধ্যায় এমন সাতটি ছবি ফেসবুকে আপ করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবির ক্যাপশনেই লিখে দিয়েছেন এই বিখ্যাত দুই বোনোর পরিচয়- 'জাতির জনকের কন্যারা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শেখ রেহানা'।

জুনাইদ আহমদ পলক ছবিগুলো ফেসবুকে আপ করার পরপরই এই নিয়ে ফেসবুকজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকে এসব ছবি শেয়ার করে শেখ হাসিনার প্রাণোচ্ছ্বলতা ও হাস্যরসের প্রশংসা করছেন। তুষারপাতের মধ্যে গিয়ে প্রধানমন্ত্রী নিজের বোনের সাথে ছেলেবেলার স্মৃতিতে ফিরে গেছেন বলেও মন্তব্য করেছেন অনেকে।

পলক নিজের ফেসবুক পেজ থেকে ছবিগুলো আপ করার এক ঘন্টার মধ্যে এগুলো ৩৬ হাজার ফেসবুক ব্যবহারকারী পছন্দ (লাইক) করেছেন। শেয়ার করেছেন ১২শ' জন আর মন্তব্য করেছেন প্রায় সাড়ে ৫শ' জন। এছাড়া আরো বিভিন্নজনের টাইমলাইনে ঘুরে ফিরতে দেখা যায় শেখ হাসিনা ও শেখ রেহানার আনন্দোচ্ছোল ছবি।

দাভোস থেকে জুরিখ বিমানবন্দরে যাওয়ার পথে 'স্মরণীয় সময়ের' এই ছবিগুলো তোলা হয় বলে জানান পলক।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ৪৭তম বার্ষিক সভার জন্য বর্তমানে সুইজারল্যান্ডে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.