Sylhet Today 24 PRINT

নতুনদের সুযোগ করে দিতেই অবসর, জানালেন মাশরাফি

সোশ্যাল মিডিয়া ডেস্ক  |  ০৪ এপ্রিল, ২০১৭

চলতি সিরিজের পর আর টি-টোয়েন্টি ক্রিকেট না খেলার ঘোষণা দিয়েছেন মাশরাফি। মঙ্গলবার (৪ এপ্রিল) শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে এ ঘোষণা দিলেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেইজে মাশরাফি জানিয়েছেন, টি-টোয়েন্টিতে নতুনদের সুযোগ করে দিতেই অবসরে যাচ্ছেন তিনি। মাশরাফি লিখেছেন-

'বাংলাদেশ টিমকে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি, বর্তমান দলটি একটি ভাল দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার উপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সবসময় চেষ্টা করেছি আমার ফ্যানদেরকে খুশি করার। আমি আমার প্রত্যেক ফ্যান এর কাছে তাদেরকে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভাল খেলছি। আমি নিশ্চিত, বাংলাদেশ সামনের দিনগুলোতেও ভাল ক্রিকেট খেলবে।

আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময়, যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। আমি বাংলাদেশের টি-টোয়েন্টি টিম এর নতুন অধিনায়ককে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে।

শীঘ্রই আবার দেখা হবে। সকলের জন্য আমার আন্তরিক ভালবাসা।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.