Sylhet Today 24 PRINT

শিক্ষার্থীরা আন্দোলনের চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা ছাত্রলীগ নেতার

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৮

রবিবার থেকে সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার। শনিবার (৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

নিজের ফেসবুক স্ট্যাটাসে- সন্তানদেরকে আর রাস্তায় নামানোর জন্য তিনি অভিভাবকদের প্রতিও অনুরোধ জানান।

স্ট্যাটাসে তুষার লিখেন- 'আগামীকাল থেকে সিলেটে যে কোন জায়গায় যদি শিক্ষার্থীরা আন্দোলন করার চেষ্টা তাহলে ছাত্রলীগ প্রতিহত করবে। অনেক হয়েছে আর নয়! শিক্ষার্থীদের অভিবাবকদের প্রতি অনুরোধ আপনাদের সন্তানদের কে আর সন্ত্রাসী করতে রাস্তায় নামাবেন না'

প্রসঙ্গত, ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ঢাকায় সপ্তাহদিন থেকে টানা অবস্থান কর্মসূচির পাশাপাশি সিলেটে শনিবার তৃতীয় দিনের মত রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী অংশ নেয়। তাদের এ কর্মসূচি চলে বিকাল ৫ টা পর্যন্ত।

বিকাল ৫ টার দিকে রবিবারও যথারীতি অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.