১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৩৮
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজনের নাম ফারিয়া আক্তার তমা। যিনি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে অশ্লীল স্লোগান দিয়ে সমালোচিত হয়েছিলেন।
গ্রেপ্তার অপর দুজন হলেন- এএইচ এম নোমান রেজা, তানজিল হোসেন। গত বৃহস্পতিবার রাতে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার চাঁদাবাজির মামলায় ওই তিনজনকে আদালতে তোলা হয়েছিল। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজি করছিলেন নোমান, তানজিল ও ফারিয়া। বৃহস্পতিবার রাতে সমন্বয়ক পরিচয় দিয়ে তারা উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের একটি বাসায় ঢোকেন। দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতির কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। এর মধ্যে সাড়ে ৫ লাখ টাকা আদায়ও করেন। বাকি টাকার জন্য সময় বেঁধে দিয়ে চলে যান।
পুলিশের ভাষ্য, ওই তিনজন দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছিলেন। পরে পরিবারটি উত্তরা পশ্চিম থানায় মামলা করে। ঘটনার দিন রাতে বিমানবন্দর থেকে প্রথমে নোমান রেজাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসীম উদ্দিন এলাকা থেকে অপর দুজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক খান বলেন, চাঁদাবাজির মামলা হওয়ার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আপনার মন্তব্য