সিলেটটুডে ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০৭

আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার নোটিফিকেশন পায়নি দূতাবাস: রাষ্ট্রদূত

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটিকে ‘দুরভিসন্ধীমূলক প্রচারণা’ বলে অভিহিতি করেছেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি বলছেন, ভিসা নিষেধাজ্ঞার নোটিফিকেশন তারা পাননি।

আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, ‘সরকারিভাবে এ রকম কোনো নোটিফিকেশন আমরা পাইনি। আমাদের কাছে মনে হয়েছে, এটা একটি দুরভিসন্ধীমূলক প্রচারণা।’

শনি ও রোববার সরকারি ছুটি থাকাতে এ বিষয়ে আরব আমিরাত কর্তৃপক্ষের সাথে কথা বলা যায়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার (২০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ছড়িয়ে পড়ে। একাধিক অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত।

প্রতিবেদন গুলোতে দাবি করা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। চাকরি, পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

আপনার মন্তব্য

আলোচিত