২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৮
বীর মুক্তিযোদ্ধা, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান।
সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নং ওয়ার্ডে নূরুল মজিদকে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে গতকাল বিকেল ৪টার দিকে পুরাতন ভবনের ৫ম তলায় আইসিইউতে রেফার্ড করা হয়। আইসিইউতে চিকিৎসা চলাকালীন আজ সকাল ৮ টা ১০ মিনিটে তিনি মৃত্যু বরন করেন।
এদিকে নূরল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, ‘আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।’
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওইদিন নরসিংদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত বছরের ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ২৪ সেপ্টেম্বর ঢাকার গুলশান থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে দশম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হলে শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয় তাকে।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও টানা চারবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং দ্বিতীয়বারের মত শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
যুবলীগের প্রতিষ্ঠালগ্ন তিনি কেন্দ্রীয় নেতা ছিলেন। ১৯৭৫ এর ১৫ অগাস্টের পটপরিবর্তনের পর তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
আপনার মন্তব্য