২৯ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৯
সারা দেশে কিছু দুর্গা প্রতিমায় অসুরকে বিকৃতভাবে উপস্থাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ে কোনো ধরনের ভুল-বোঝাবুঝির অবকাশ নেই বলেও উল্লেখ করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘সারাদেশে যখন বিপুল উৎসাহ-উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে, সরকারও নজিরবিহীন সহযোগিতা দিচ্ছে, ঠিক সেই সময় প্রতিমায় অসুর বিকৃতভাবে উপস্থাপনের ঘটনা বিস্ময়কর ও দুর্ভাগ্যজনক।’
তারা আরও বলেন, ‘এর নেপথ্যে যাই থাকুক, বাংলাদেশের মানুষের অভূতপূর্ব ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না।’
পাশাপাশি পূজা কমিটিগুলোকে অধিকতর সজাগ থাকার আহ্বান জানান নেতারা।
আপনার মন্তব্য