১৫ অক্টোবর, ২০২৫ ১৭:০৭
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাহবাগে শিক্ষকদের অবরোধস্থলে এসে তোপের মুখে পড়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এ সময় তাদেরকে উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া, দালাল’ স্লোগান দিতে শোনা যায়।
পরে জুনায়েদ সাকী ও মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘তারা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার জন্য এসেছেন। যেহেতু তারা (শিক্ষকরা) আলোচনা করতে ইচ্ছুক নন। তারা তিন দফা দাবি মন্ত্রণালয়ে জানিয়ে দেবেন। এরপর তারা স্থান ত্যাগ করেন।’
বুধবার (১৫ অক্টোবর) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
তোপের মুখে পড়ে মঞ্জু বলেন, ‘আমরা শিক্ষা উপদেষ্টা সি আবরারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমরা আপনাদের চূড়ান্ত কথা ওনাদের জানাতে চাই।’
এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলতে থাকেন, ‘২০ পার্সেন্ট চূড়ান্ত, আর কীসের কথা।’ তখন শিক্ষকরা ‘বিশ পার্সেন্ট, বিশ পার্সেন্ট’ স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধি মাইকে বলেন, ‘আমাদের সম্মানিত রাজনীতিবিদরা এসেছেন। তবে আমরা একাধিকবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসেছি। আমাদের তিন দফা দাবি মেনে নিতে হবে।’
পরে মাইক হাতে জুনায়েদ সাকী বলেন, ‘আপনাদের তিন দফা দাবি আমরা শুনেছি। জনসমাবেশে তো কথা হতে পারে না। শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থা কী জানতে হবে। সরকারের দাবি কী শুনবেন, সরকারের বাস্তবতা কী সেটা জানবেন। সরকারের প্রস্তাব তো শুনতে হবে। যদি না শোনেন, যদি আপনারা বসতে না চান। তাহলে আপনাদের দাবি আমরা জানিয়ে দেব।’
তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি। আমি গণসংহতি করি, মঞ্জু ভাই এবি পার্টি করেন। আপনাদের আন্দোলনের ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি যৌক্তিক সমাধানের জন্য। তাদের কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আপনাদের নেতৃবৃন্দ যদি কথা বলতে না চান, আলোচনার সুযোগ না থাকলে আপনাদের দাবি আমরা জানিয়ে দেব।’
শিক্ষক ও কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম বলেন, ‘পুলিশ আমাদেরকে অনুরোধ করেছে, আমরা যেন শহীদ মিনারে যাই। আমরা এখনও কোনো আশ্বাস পাইনি। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’
আপনার মন্তব্য