সিলেটটুডে ডেস্ক

২১ অক্টোবর, ২০২৫ ১৮:৪৮

ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য আসিফের, চুক্তি বাতিলের তালিকা সঠিক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি প্রকল্প ও চুক্তি ‘বাতিলের’ তথ্য দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত রোববার রাতে নিজের ফেইসবুক পেইজে একটি ফটোকার্ড শেয়ার করে এ তথ্য তুলে ধরেন তিনি। সঙ্গে লেখেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।”

তবে মঙ্গলবার এসে এনিয়ে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলছেন, প্রকাশিত তালিকা সঠিক নয়।

তিনি বলেন, ভারতের সঙ্গে কেবল একটি চুক্তি—জিআরএসই কোম্পানির সঙ্গে ট্যাগ বোট কেনা সংক্রান্ত—বাতিল করা হয়েছে। বাকি চুক্তিগুলো বহাল আছে বা পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যে তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, তা সঠিক নয়। শুধু একটি চুক্তি—ট্যাগ বোট সংক্রান্ত—বাতিল হয়েছে।”

উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্টের বিষয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, “তিনি চাইলে মন্তব্য না করলেও পারতেন। সেই তালিকার বেশিরভাগ তথ্যই ভুল।”

তৌহিদ হোসেন আরও জানান, ফেনী নদী ও কুশিয়ারা নদীর বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এখনো কার্যকর রয়েছে। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানির বিষয়ে পুনর্বিবেচনা চলছে, তবে নতুন কোনো চুক্তি হয়নি।

এর আগে রোববার (১৯ অক্টোবর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, “হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।

সেখানে চুক্তি বা প্রকল্পের নাম, সই হওয়ার সাল এবং সিদ্ধান্তের ধরন তুলে ধরেন স্থানীয় সরকার উপদেষ্টা।

বাতিল হওয়া চুক্তি ও প্রকল্পের তালিকায় তিনি রেখেছেন, ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড) এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি।

‘স্থগিত’ হিসেবে আসিফ মাহমুদের ফটোকার্ডে কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্পের কথা বলা হয়েছে। এছাড়া আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি ‘পুনর্বিবেচনা’ এবং গঙ্গা পানি বণ্টন চুক্তি ‘নবায়ন/পুনর্বিবেচনা’ করার তথ্য দিয়েছেন উপদেষ্টা। আসিফ মাহমুদের তথ্য বলছে, তিস্তা নদী পানি বণ্টন চুক্তিকে (খসড়া অবস্থায় ছিল) ‘বাস্তবায়নের জন্য আলোচনায়’ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত