৩১ অক্টোবর, ২০২৫ ০২:২১
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার কথা ছিল তার।
এহছানুল হক মিলন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কর্মকর্তারা তার বিদেশযাত্রা স্থগিত করেন।
কেন বিদেশ যেতে দেওয়া হয়নি, তা নিজেও জানেন না বলে জানিয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলে তার কাগজপত্র দেখাতে বলেছিলাম। কিন্তু তারা কিছুই দেখাননি। কেন এমন করা হলো, আমি বুঝতে পারিনি।’ তিনি আরও জানান, এ বিষয়ে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন।
১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মিলন। পরে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহীউদ্দীন খান আলমগীরকে পরাজিত করে তিনি পুনরায় এমপি নির্বাচিত হন এবং পরবর্তীকালে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
আপনার মন্তব্য