০৮ নভেম্বর, ২০২৫ ১৫:২৪
গত বছরের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান রাষ্ট্রপতি।
এ সময় তাকে স্বাগত জানান পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান। এর আগে, সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনার উদ্দেশ্যে রওনা দেন।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, পাবনা পৌঁছানোর পর তিনি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। বেলা ১১টায় তিনি আরিফপুর কবরস্থানে তার মা-বাবার কবর জিয়ারত করেন এবং পরে রাষ্ট্রপতি শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে অবস্থান করছেন। নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
সফরের শেষদিন রোববার (৯ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। ১১টায় পাবনা স্টেডিয়ামে হ্যালিপেডে উপস্থিত হবেন এবং বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার পঞ্চম পাবনা সফর। ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৫ মে তিনি প্রথমবার পাবনা সফর করেন। এরপর ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয়বার এবং ৯ জুন চতুর্থবারের মতো পাবনা সফর করেন তিনি।
আপনার মন্তব্য