সিলেটটুডে ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৫ ১৪:১২

গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে ইনকিলাব মঞ্চের ব্যানারে একটি গ্রুপ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা গুলিস্তানে সমবেত হয়ে আওয়ামী লীগের অফিসে আগুন ধরিয়ে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কিছু লোক জড়ো হয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। অনেককে আবার কার্যালয়ের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খোদাই করা গ্রাফিতি ভাঙতে দেখা গেছে।

এরআগে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

এ সময় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারের নিচে নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে লাঠি হাতে অবস্থান নিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ, কার্টন জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয়। আগুনের তীব্রতা কমে গেলে সেখানে থাকা ব্যক্তিরা আবারও সেখানে আগুন লাগায়।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাসজুড়ে চলে লুটপাট। কেবল এই ভবনই নয়, রাজধানীর তেঁজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকেও মালামাল লুট করে নেওয়া হয়। তখন থেকে এই তিন ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার পথে পথে অবস্থান নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কোথাও কোথাও মিছিল করেন তারা। রাজধানীর বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে।

ভবনটি দখল করে সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ স্থাপন করে জুলাইপক্ষের শক্তিরা।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীসহ আশপাশের জেলাগুলোয় কড়া প্রহরায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে বুধবার থেকে ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে র‌্যাব ও সেনা সদস্যরাও।

মতিঝিল জোনের সহকারী কমিশনার এসি হুসাইন মুহাম্মদ ফারাবী বলেন, ‌‘ইনকিলাব মঞ্চের ব্যানারে একটি গ্রুপ আওয়ামী লীগ পার্টি অফিসে আগুন দিয়েছে। পরে তারা ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করছে।’

আপনার মন্তব্য

আলোচিত