৩০ নভেম্বর, ২০২৫ ১৪:০৬
খুলনা মহানগর দায়রা জজ আদালত চত্বরে গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে দুজনকে হত্যা করা হয়েছে।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে আদালত ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার নতুন বাজার এলাকার বাসিন্দা—হাসিব হাওলাদার ও রাজন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, “দুর্বৃত্তদের গুলিতে আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অস্ত্র মামলায় জামিনে থাকা হাসিব ও রাজন আদালতে হাজিরা শেষে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। হঠাৎ চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার পরও দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত সটকে পড়ে।
নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, “কিছুদিন আগে একটি অস্ত্র মামলায় আমার ভাইকে আসামি করা হয়। সেই মামলার হাজিরা দিতেই আজ আদালতে এসেছিলেন। কে বা কারা এই হামলা করল, আমরা কিছুই বুঝতে পারছি না।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, “আদালতের সামনে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। কারা এই হামলায় জড়িত এবং তাদের উদ্দেশ্য কী—তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।”
পুলিশ জানিয়েছে, আদালত এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে, দুর্বৃত্তদের শনাক্তে প্রযুক্তিগত বিশ্লেষণও চলছে।
দিনদুপুরে আদালত চত্বরে এমন ভয়াবহ হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। এভাবে প্রকাশ্যে মানুষকে হত্যা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আদালতের আইনজীবীরা।
আপনার মন্তব্য