নিউজ ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৮

জনগণের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সরকারের দায়িত্ব : জি এম কাদের

নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ দেওয়ার দাবি

ছবি: সংগৃহীত

নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে জাতীয় পার্টিকে সমান সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। তাঁর দাবি, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সব দলের মতো জাপাকেও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ দিতে হবে। সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “দেশ, গণতন্ত্র ও জনগণের স্বার্থেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”

শনিবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানে প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। অন্য রাজনৈতিক দলগুলো দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করলেও জাপা পালন করে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে।

দলের অতীত ভাবমূর্তি নিয়ে সমালোচকদের আক্রমণের জবাবও দেন জি এম কাদের। আওয়ামী লীগের সঙ্গে অতীত সমঝোতা ও চারটি নির্বাচনে অংশ নেওয়ার কারণে ‘স্বৈরাচারের দোসর’ তকমা পাওয়া জাপা গণতান্ত্রিক আন্দোলনে বরাবরই ভূমিকা রেখেছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, “জুলাই অভ্যুত্থানে ছাত্রদের দাবির পক্ষে আমরা রাস্তায় নেমেছিলাম। তারপরও আমাদের স্বৈরাচারের দোসর বলা দুঃখজনক।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অংশ হয়েও জাতীয় পার্টি বিগত সংসদগুলোতে কর্তৃত্ববাদী প্রবণতার বিরুদ্ধে সোচ্চার ছিল, একদলীয় আচরণের সমালোচনা করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ। বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরীফা কাদের, মো. রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত