০৭ ডিসেম্বর, ২০২৫ ১৪:১০
ছবি: সংগৃহীত
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন স্কুলিং মডেল সংক্রান্ত খসড়া অধ্যাদেশ ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এ অবস্থায় স্কুলিং মডেল বাতিলের দাবিতে আজ রোববার ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হলে কলেজগুলোর উচ্চ মাধ্যমিক শিক্ষা অনিশ্চয়তার মুখে পড়বে। এতে কলেজগুলোর ঐতিহ্য বিনষ্ট হবে।
এসময় সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।
প্রায় ৪৫ মিনিট অবরোধের পর সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা।দুপুর সাড়ে ১২টায় শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এতে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
আপনার মন্তব্য