সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫ ১১:০৬

তফসিল ঘোষণার সব প্রস্তুতি শেষ:একসাথে সংসদ নির্বাচন ও গণভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিন তার ভাষণের রেকর্ড করবেন, যা আজ সন্ধ্যায় প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে তা সম্ভব না হলে ভাষণটি আগামীকাল প্রচার করা হবে।


ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে। তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী সভা-সমাবেশ কঠোর নিয়ন্ত্রণে যাবে এবং ২৪ ঘণ্টা আগে পুলিশকে অবহিত করার বাধ্যবাধকতা কার্যকর হবে। তপশিলের পর মাঠে নামবে পাঁচ শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও দেওয়া হবে গ্রেপ্তারের ক্ষমতা।


প্রবাসী ভোটারদের জন্য এই প্রথমবারের মতো প্রবর্তন করা হচ্ছে পোস্টাল ব্যালট। ইসির তথ্যমতে, মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি, স্থাপন করা হবে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজারেরও বেশি ভোটকক্ষ।


এদিকে তপশিল ঘোষণার পর অনুমতি ছাড়া কোনো ধরনের আন্দোলন-সমাবেশ না করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এবার প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন করা হবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।


এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অর্ধশতাধিক দল অংশ নিচ্ছে। তবে নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ ভোটের বাইরে থাকবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে ইসির তপশিল ও ভোট আয়োজন নিয়ে সাধারণ সমর্থন পাওয়া গেছে, যদিও জামায়াত ও এনসিপি নিরাপত্তা পরিস্থিতি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে।
ইসি জানিয়েছে, তপশিল থেকে ভোটের দিন পর্যন্ত এবার প্রায় দুই মাসের ব্যবধান রাখা হবে। মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের সময় কিছুটা বাড়ানো হলেও আনুষ্ঠানিক প্রচারের জন্য থাকছে সর্বোচ্চ ২১ দিন। সব আইন, বিধি, পর্যবেক্ষক নিবন্ধন এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।


নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের ভাষায়, “সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু তপশিল ঘোষণার অপেক্ষা।” আচরণবিধি লঙ্ঘনকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানানো হয়েছে। অপরদিকে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মনে করেন, রাজনৈতিক দলের বিভিন্ন মতামত নির্বাচনকে চ্যালেঞ্জময় করবে না; বরং নিয়ম মেনে চললেই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

আপনার মন্তব্য

আলোচিত