১১ ডিসেম্বর, ২০২৫ ১৭:২৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। ওরা ৭১’র এর প্রজন্মকে নিকৃষ্টতম বলছে। এই ঔদ্ধত্য ও সাহস ওরা কিভাবে দেখায়। ’৭১ হলো আমাদের অস্তিত্ব, একথা ভুলে যাওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি। এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।
মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই।
তিনি আরও বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে বলেও দাবি করেন তিনি।
আপনার মন্তব্য