সিলেটটুডে ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৫ ২০:৪১

‘নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে, তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট: মির্জা ফখরুল

গণভোট নিয়ে বিএনপির প্রচারণার সিদ্ধান্ত হয়নি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণাকে ‘আশ্বস্ত হওয়ার মতো’ ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার, সেটা বাস্তবায়ন ও নিশ্চিত করতে চায়।’

আজ সন্ধ্যায় তফসিল ঘোষণার পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আলাপকালে বিএনপির মহাসচিব সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ যে তফসিল ঘোষণা হয়েছে, তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা এদিক-ওদিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। মূল বিষয় হচ্ছে যে আজকে ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচনের ঘোষণা হয়েছে।’

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড়, উল্লেখযোগ্য ঘটনা। এটাকে সুষ্ঠুভাবে পালন করা ও অনুষ্ঠান করা নির্বাচন কমিশনের দায়িত্ব।’

বিএনপির মহাসচিব জানান, নির্বাচন কমিশন নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করবে এবং সব রাজনৈতিক দল ও প্রার্থী সচেতনভাবে নির্বাচনে অংশ নেবেন বলে প্রত্যাশা। তিনি বলেন, বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। আজকে আবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রের সংস্কার আলোচনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন, রাষ্ট্রের যে সমস্ত সংস্কারের প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, কিছু বিষয়ে হইনি। সেগুলো গণভোটের মাধ্যমে আসবে।’জোটের প্রার্থী তালিকা নিয়ে ‘সমস্যা নেই’।
জোটের ভেতরে বোঝাপড়ার ঘাটতির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কোনো সমস্যা নেই।আমরা চূড়ান্তভাবে তো প্রার্থী তালিকা দিইনি। প্রাথমিক কথা ছিল, এখন সেটা প্রায় চূড়ান্ত। যাঁরা আমাদের সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা হবে।’

একই দিনে গণভোটের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘কিছুটা সমস্যা তো হবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে সেগুলো উতরাতে সক্ষম হব।’

গণভোট নিয়ে বিএনপির প্রচার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমাদের দলের সিদ্ধান্ত। প্রচারণার ব্যাপার এসেই যাবে।’

আপনার মন্তব্য

আলোচিত