১২ ডিসেম্বর, ২০২৫ ১৫:২৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে তিনি গুলিবিদ্ধ হন।
রাজধানী বিজয়নগর কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা তাকে গুলি করার ঘটনার বর্ণনা দিয়েছেন।
তারা জানান, মোটর সাইকেলে দুইজন তাকে গুলি করে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, বেলা আড়াইটার পরপরই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।
গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন হাদি
গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে একটি পোস্টে করেন ওসমান হাদী।
পোস্টে তিনি লিখেন, যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।
ছাত্রজনতাকে প্রস্তুত থাকার আহ্বান সাদিক কায়েমের
এদিকে, এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।
পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।’
আবিদুল ইসলাম খানের প্রতিক্রিয়া
শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা আবিদুল ইসলাম খান।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি লিখেন, ‘নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা। জুলাইয়ের সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শেফা দান করুন। এই ঘটনার মধ্য দিয়ে অনুধাবন হচ্ছে আমরা কেউই নিরাপদ নই। ইন্টেরিম! পতিত স্বৈরাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন।’
এনসিপির তাসনিম জারার প্রতিক্রিয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পেজে স্ট্যাটাসে লেখেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে সবকিছুর আগে একটাই কামনা, তিনি বেঁচে থাকুন এবং দ্রুত ও নিরাপদ চিকিৎসা পান।
তিনি বলেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। তাই অনুমান বা রাজনৈতিক দোষারোপে যাওয়ার আগে সংযত থাকা জরুরি। তবে রাষ্ট্রের হাতে সময় নেই। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত ও স্পষ্টভাবে জানাতে হবে। তদন্তের নামে গড়িমসি বা বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই।
আপনার মন্তব্য