সিলেটটুডে ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২৫ ১১:২৩

ওসমান হাদিকে হত্যাচেষ্টার ছক কষা হচ্ছিল কয়েক মাস ধরে

ছবি: সংগৃহীত


নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলাটি কয়েক মাস ধরে পরিকল্পনা করে চালানো হয়। দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্য ছিল। হামলার পরপরই পালানোর ছকও কার্যকর করা হয়।

পুলিশ এক সূত্র জানায়, ঘটনায় জড়িত হিসেবে তিনজনকে এ পর্যন্ত শনাক্ত করা গেছে। তাঁদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সল করিম মাসুদ ওরফে রাহুল, চালক ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদিকে অনুসরণের সময় (রেকি) এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন যার নাম রুবেল। রুবেল আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে।


হাদির বিভিন্ন গণসংযোগে এদের তিনজনের একসাথে থাকার ছবিও পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তিনজনই আওয়ামী লীগে–সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।

তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র মনে করছে, হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক মাস ধরে পরিকল্পনা করা হচ্ছিল। শনাক্ত হওয়া ব্যক্তিরা অন্তত দুই মাস ধরে হাদিকে অনুসরণ করেছে। তফসিল ঘোষণার পরদিন তাঁকে হত্যার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করা ছিল অন্যতম লক্ষ্য। ঘটনার দিন রাতে রাজধানীর বাড্ডায় বাসে আগুন ও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হাদির এই ঘটনার ‘শুটার’ ফয়সল করিম ও আলমগীর শেখ ঘটনার ১২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে শনিবার রাতেই ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও শেরপুরের নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মানব পাচারে জড়িত অভিযোগে দুজনকে আটক করে ঢাকায় আনা হয়েছে। তাঁরা হলেন সঞ্জয় চিসিম ও সিবিরন দিও।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে সঞ্জয় চিসিম জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে দুজন বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারে সহযোগিতা করেছেন তাঁরা। ওই দুজন ফয়সল ও আলমগীর বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে।

মানব পাচারে জড়িত থাকা আটক দুই ব্যক্তি সম্পর্কে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত