সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২৫ ১১:৫২

গোলাম আজমের দল দেশের শান্তি কখনো কামনা করেনি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?। এই দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি, ১৯৪৭ সাল ১৯৭১ সাল এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই, এখনো করেনা।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সকাল পৌনে ৯টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দলটি (জামায়াত) ১৯৪৭ সাল ১৯৭১ সাল এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই, এখনো করেনা। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক, অশান্তিময় একটা দেশ থাকুক।

চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজিত। একাত্তরের সাথে ২৪ এর কোন তুলনা চলেনা এবং হওয়ার কোন সম্ভাবনাও নাই।

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মির্জা আব্বাস বলেন, গণমানুষের চিন্তাভাবনাসহ সবকিছুকে মাথায় নিয়ে আজকের এই বিজয় দিবস এবং সামনের নির্বাচন। আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা-আকাঙ্ক্ষা এবং উদ্দীপনা নিয়ে দেশ গড়ার, আওয়ামীলীগ এসে আমাদের সকল আশা-আকঙ্খা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে সরকার সামনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে সেই দলটিকে সবাই ভোট দিয়ে নির্বাচিত করবে ।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত