সিলেটটুডে ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৫ ২০:২৩

হাদি হত্যা মামলার আসামি আলমগীর শেখের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।হিমন রহমান শিকদার (৩২) নামের ওই যুবক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অন্যতম আসামি আলমগীর শেখের সহযোগী ।

পুলিশ জানিয়েছে হিমন রহমান আদাবর থানা যুবলীগের কর্মী। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে জানায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা আজ বৃহস্পতিবার বলেন, শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার সময় ফয়সাল করিম মাসুদকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর শেখ। গ্রেপ্তার হিমন আলমগীরের সহযোগী।

আদাবর থানা সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন (আইএডি) গোপন তথ্যের ভিত্তিতে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হিমনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর থানার বাইতুল আমান হাউজিং এলাকার একটি বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত