সিলেটটুডে ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৫ ২২:৪৮

তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের অর্ধ লক্ষাধিক বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রত্যাশিত ও ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনায় জনতার ঢল নামে। এতে সিলেট জেলা ও মহানগর বিএনপির অর্ধ লক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন।

প্রায় দেড় যুগ পর স্বদেশে ফিরে গণমানুষের উষ্ণ ভালোবাসা ও আবেগঘন সংবর্ধনায় সিক্ত হন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট মহাসড়ক পর্যন্ত পথে পথে মানুষের ব্যাপক উপস্থিতিতে রাজধানী ঢাকা নজিরবিহীন জনসমুদ্রে পরিণত হয়।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দুপুরে সুদূর লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ঢাকাসহ সারাদেশ থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও তাঁকে স্বাগত জানান।

গণসংবর্ধনা কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট সংস্থা এবং দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান প্রথম অবতরণ করে। পরে বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) দীর্ঘ প্রায় ১৮ বছর পর স্বদেশে ফেরার উদ্দেশ্যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত