সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩৪

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

পরে দুর্ঘটনাকবলিত লঞ্চের হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে আনা হয়।

এ সম্পর্কে দুপুর ১২টার দিকে সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা বলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় চারজনের লাশ পাওয়া গেছে। লাশগুলো সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, এ ঘটনায় ৪ মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য একটি লঞ্চ দুর্ঘটনাস্থল থেকে ৪ মরদেহ ও হতাহত যাত্রীদের সদরঘাটে নিয়ে এসেছে।

তিনি আরও জানান, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সদরঘাটে এ বিষয়ে ব্রিফ করেছেন

চাঁদপুর নৌ বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, ঘন কুয়াশার কারণে গভীর রাতে মেঘনা নদীতে লঞ্চ দুটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর লঞ্চ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে মেঘনায় দুর্ঘটনাকবলিত অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনাল থেকে জব্দ করেছে নৌ পুলিশ।

এ বিষয়ে বরিশাল নৌ পুলিশের পুলিশ সুপার নাজমুল হক জানান, লঞ্চ দুর্ঘটনার খবর পেয়ে ঝালকাঠি এসেছি। এখানে লঞ্চটি জব্দ করা হয়েছে। খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা করা হচ্ছে কিভাবে দুর্ঘটনা ঘটেছে।।

আপনার মন্তব্য

আলোচিত