সিলেটটুডে ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৫ ২০:৪৬

শাহ সত্যপীরের মাজার ও মাজারের একাধিক কবর ভাঙচুর

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও শহরের একটি মাজার ও মাজারে অবস্তিত কবরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনাটি ঘটে।

আজ শনিবার সকালে স্থানীয় লোকজন ও ভক্তরা মাজার এলাকায় গেলে বিষয়টি জানাজানি হয়। বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সদর দপ্তরের সামনে হজরত বাবা শাহ সত্যপীরের মাজার অবস্থিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাজারটি শতাধিক বছরের পুরোনো। আজ সকালে লোকজন এসে দেখেন, মাজারের প্রধান ঘরের দরজা ও জানালা ভাঙা। মাজারের পাশের দুটি কবরও ভাঙা।

মাজারের এক ভক্ত আবদুল আলীম হোসেন বলেন, ‘ছোটবেলা থেকে মাজারটি দেখে আসছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছু এই মাজারে করা হয় না। এরপরও কারা কেন মাজারটি ভাঙচুর করল, তা বুঝতে পারছি না।’

মাজার কমিটির সভাপতি এনামুল হক বলেন, বছরের পর বছর ধরে শত শত ভক্ত আশেকান মাজারে এসে তাঁদের কার্যক্রম পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে মাজারটি এলাকার মানুষের আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত। মাজারের কার্যক্রম নিয়ে কখনোই কারও মনে কোনো প্রশ্ন জাগেনি। যাঁরাই মাজার ভাঙচুর করেছেন, তাঁরা কোন ষড়যন্ত্রের পায়তারা করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ঘঠনার খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, মাজার ভাঙচুরের ঘটনায় ধর্মীয় উগ্রপন্থীরা জড়িত থাকতে পারে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, মাজার ভাঙচুর হলেও সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

 

আপনার মন্তব্য

আলোচিত