২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৮
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।। এ জন্য তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টা ২৬ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সকাল ১১টায় তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি বিএনপি ফাঁকা রেখেছিল, তার মধ্যে ঢাকা-১৭ আসনও ছিল।এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাঁকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকার এই আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করবেন।
আপনার মন্তব্য