সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৮:০৫

জামায়াতের সঙ্গে জোটে এনসিপি ও এলডিপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতের সঙ্গে জোটে যুক্ত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি জানান, জামায়াতের সঙ্গে এন‌সি‌পিও জো‌টে যোগ দে‌বে। এন‌সি‌পি দলীয় বৈঠক ক‌রে জো‌টে যোগ দেওয়ার বিষয়‌টি আনুষ্ঠা‌নিকভাব জানা‌বে রা‌তে। এন‌সি‌পি ও এল‌ডি‌পি দল শেষ পর্যায়ে জোটে যোগ হ‌য়ে‌ছে।

জামায়াত আমির বলেন, জোটের অধিকাংশ আসন নিয়ে সমঝোতা হয়েছে। কয়েকটি এখনও বাকি আছে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এগুলো ঠিক করা যাবে।

একই সঙ্গে ঘোষিত তারিখের যেন কোনো হেরফের না হয় এবং নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

রোববার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জামায়াতের নেতৃত্বে আন্দোলনরত আট দলের পক্ষ থেকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন করা হয়।

এতে ডা. শফিকুর রহমান বলেন, দেশ যে সংকটময় সময় পার করছে, সেই বাস্তবতা থেকে প্রিয় বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে শোষণ-বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েই আটটি দল দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজ আরও দুটি দল—কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন এলডিপি এবং এনসিপি—এই জোটে সম্পৃক্ত হয়েছে।

তিনি জানান, এনসিপির সঙ্গে এরই মধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে। সময় স্বল্পতার কারণে তারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বৈঠকে অংশ নিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। শিগগির এনসিপি আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করবে।

জামায়াত আমির বলেন, ৩০০ আসনেই নির্বাচনি সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে এবং প্রায় সব আসনে সমঝোতা চূড়ান্ত। শেষপর্যায়ে যুক্ত হওয়া দুই দলের কারণে কিছু কারিগরি বিষয় রয়ে গেছে, যা মনোনয়ন দাখিলের পর পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত