৩০ ডিসেম্বর, ২০২৫ ১৯:১৭
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় সহকর্মীর শটগানের গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন । নিহত বজেন্দ্র বিশ্বাস (৪০) ‘সুলতানা সোয়েটার্স লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন ।নিহত বজেন্দ্র বিশ্বাস সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘সুলতানা সোয়েটার্স লিমিটেড’এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত নোমান সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় নিরাপত্তার দায়িত্বে মোট ২০ জন আনসার সদস্য ছিলেন। ঘটনার সময় বজেন্দ্র ও নোমান কারখানার ভেতরে একসঙ্গে বসে ছিলেন। এক সময় অসাবধানতাবশত নোমান মিয়ার হাতে থাকা শটগান থেকে হঠাৎ গুলি বেরিয়ে যায়। গুলিটি সরাসরি বজেন্দ্র বিশ্বাসের বাম উরুতে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নোমান মিয়াকে পুলিশ হেফাজতে নিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
আপনার মন্তব্য