সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২৫ ১৮:৫৭

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের করমর্দন, কুশল বিনিময়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানের আগে ঢাকায় কুশল বিনিময় করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

বুধবার ঢাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রাক্কালে দুই দেশের শীর্ষ এই প্রতিনিধির মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তাঁরা উভয়েই ঢাকায় অবস্থান করছেন।

তারা দুজনই আলাদাভাবে তারেক রহমানের সঙ্গে দেখা করেন, সমবেদনা জানান।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, তাদের মধ্যে সেখানে দেখা হলে তারা হ্যান্ডশেক করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শেষে গত মে মাসের পর এটিই দুই দেশের সরকারের নীতি নির্ধারকদের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সাক্ষাৎ।

চিরবৈরী দুদেশের সরকারি পর্যায়ের ব্যক্তিদের মধ্যে এমন চিত্র সাম্প্রতিক সময়ে বিরল। চলতি বছরের এপ্রিলে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দুদেশের মধ্যে বিরোধ পৌঁছায় চূড়ান্ত মাত্রায়।

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর জানাজায় অংশ নিতে একাধিক দেশের প্রতিনিধিরা ঢাকায় এসেছেন।

আপনার মন্তব্য

আলোচিত