সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২৫ ১৯:২৫

থানা কমপ্লেক্সে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ঢুকে শরিফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে আহত করেছে বাহাদুর হোসেন বাদল (১৯) নামের এক যুবক।থানা কমপ্লেক্সের বাউন্ডারির ভেতরে গরু চরাতে নিষেধ করাকে কেন্দ্র করেে এ ঘটনা ঘটে ।

এ ঘটনায় বুধবার দুপুরে বাদলকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাদল থানা সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করে ঘাস খাওয়াতো। গরুগুলো বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে পূর্ব থেকেই গরু নিয়ে প্রবেশে একাধিকবার নিষেধ করা হয়েছে। কিন্তু সে থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে গত মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে থানার সংরক্ষিত এলাকায় প্রবেশ করে। এতে পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম বাদলকে গরু নিয়ে বের হতে বললে সে ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারাল দা দিয়ে শরিফুলের মাথায় কোপ দেয়। এতে শরিফুলের চিৎকার শুরু করলে দ্রুত থানার ভেতর থেকে পুলিশ সদস্যরা এসে বাদলকে আটক করে। পরে ওই কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।


চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গুলজার আলম জানান, পুলিশের ওপর আতর্কিত হামলার ঘটনায় বাদলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। বুধবার দুপুরে বাদলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত