০১ জানুয়ারি, ২০২৬ ০৩:২৩
খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পরে সে বার্তা প্রত্যাহার করা হয়েছে।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে নববর্ষের শুভেচ্ছা বার্তা প্রত্যাহার করা হয়।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যার পরে ভুলবশত: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ইংরেজি নববর্ষের বাণী গণমাধ্যমে প্রেরিত হয়েছে।
অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সংবাদমাধ্যম থেকে বাণী দুটি প্রত্যাহার করা হলো এবং তা প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
এরআগে বিএনপির প্রকাশিত বিবৃতিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, ‘নববর্ষে আমাদের উচ্চারণ হোক ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন, ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।’
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে নববর্ষ শুরুর প্রাক্কালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তারেক রহমান লেখেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাসহ সার্বিকভাবে গণতন্ত্র পুনরুজ্জীবনে একযোগে কাজ করা।’
গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, গণবিরোধী পরাজিত শক্তি এত দিন জনগণের সব অধিকারকে বন্দি করে রেখেছিল। এখন আবারও সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে।
তারেক রহমান আরও বলেন, ‘এই উৎসবের দিনে আমি আবারও দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সামাজিক, রাজনৈতিক পরিসরে সব বাধা অতিক্রম করে সংগ্রামমুখর জীবনের ঐতিহ্যের পথ ধরে এ জাতিকে অগ্রসর করতে আমাদের সম্মিলিত প্রয়াস চালাতে হবে।’
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সাতদিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি।
আপনার মন্তব্য