সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০২৬ ১২:০৭

ছুরিকাঘাতের সময় হামলাকারীকে চিনে ফেলায় গায়ে পেট্রোল ঢেলে আগুন!

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ওষুধ ব্যবসায়ী এক ব্যাক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী খোকন দাস (৫০) হামলাকারীদের চিনে ফেলায়পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত খোকনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

আহত খোকন দাস কনেশ্বর ইউনিয়নের তিলই কান্দি এলাকার পরেশ দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার কেউরভাঙ্গা বাজারে ওষুধের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন দাস। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত তার ওপর আতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে খোকন দাসকে কুপিয়ে জখম করে সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এসময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

আহত খোকন দাসের স্ত্রী সীমা দাস বলেন, ‘খবর পেয়ে গিয়ে দেখি আমার স্বামীর শরীরে আগুন জ্বলছে। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর আঘাত রয়েছে। তার অবস্থা খুবই খারাপ। যারা এই হত্যাচেষ্টা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সীমা দাস।’

শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘রোগীর মাথা ও হাতে আগুনে পোড়ার ক্ষত রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পেটের আঘাতটি গুরুতর হওয়ায় খোকন দাসের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

এ ঘটনার বিষয়ে সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘আহত ব্যক্তি ওষুধ ব্যবসায়ী। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। তিনি চিনে ফেলায় তাকে কুপিয়ে এবং কেরোসিনজাতীয় পদার্থ শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

আলোচিত