০৫ জানুয়ারি, ২০২৬ ১৮:৪৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপ পরিচালনা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে কেআইবি মিলনায়তনে এ জরিপের ফলাফল উপস্থাপন করেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।
তিনি জানান, সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সরাসরি (সশরীর) ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ কার্যক্রম পরিচালিত হয়।
জরিপে “আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন” এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা বিএনপির পক্ষে মত দেন। ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীর পক্ষে অবস্থান জানান। এছাড়া ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চান এবং অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা বলেছেন ৫ শতাংশ উত্তরদাতা। ভোট দেবেন না বলে মত দিয়েছেন মাত্র ০ দশমিক ২ শতাংশ মানুষ।
জরিপে অংশগ্রহণকারীদের সামনে মোট চারটি মূল প্রশ্ন রাখা হয়। “কোন দল সরকার গঠন করবে” এই প্রশ্নের জবাবে ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন ১৭ শতাংশ উত্তরদাতা। এছাড়া ১ শতাংশের কিছু বেশি মানুষ মনে করেন এনসিপি সরকার গঠন করতে পারে।
“আগামী নির্বাচনে কে জিতবে” এমন প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনার কথা বলেন। ১৮ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী জয়ী হবে। এনসিপি জিতবে বলে মনে করেন ১ দশমিক ৭ শতাংশ মানুষ। পাশাপাশি ১ শতাংশের কিছু বেশি উত্তরদাতা জাতীয় পার্টির জয়ের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
জরিপে “গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল” এই প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানান, তাঁরা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ বলেন, তাঁরা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল। আর জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন ৫ শতাংশের বেশি উত্তরদাতা।
ইএএসডির এই জরিপ প্রতিবেদনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক জনমতের একটি সামগ্রিক চিত্র উঠে এসেছে বলে দাবি করেন আয়োজকরা।
আপনার মন্তব্য