সিলেটটুডে ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৬ ১৯:১২

দুপুরে ২ দিনের রিমান্ড, বিকালে আইন উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস, সন্ধ্যায় জামিন পেলেন সুরভী

তাহরিমা জান্নাত সুরভী নামের এক তরুণীকে চাঁদাবাজির মামলায় দুইদিনের রিমান্ড আদেশ দেওয়ার পর আবার জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

সুরভীরকে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়ার পর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। তাকে জুলাই যোদ্ধা আখ্যা দিয়ে রিমান্ড বাতিল করে জামিনের দাবি জানান অনেকেই। অনেকেই তার বিরুদ্ধে দায়ের মামলাকে মিথ্যা দাবি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবি ওঠার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন: "সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।"

বিকাল ৪টা ১ মিনিটে আইন উপদেষ্টা তার ফেসবুকের ভেরিফায়েড আইডিতে এই স্ট্যাটাস দেন। 

আইন উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ এরশাদ খান লেখেন: "প্রিয় আসিফ নজরুল স্যার, শুধু সুরভীকে মুক্তি দিলেই হবে না। যারা মিথ্যা অভিযোগ করেছে, যে পুলিশ অন্যায়ভাবে রিমান্ড চেয়েছে, যে বিচারক আইনবহির্ভূত রিমান্ড মঞ্জুর করেছে; তাদের সবাইকেই আইনের আওতায় আনতে হবে। আর আপনি যদি সেটা না পারেন, তাহলে পুরো বিষয়টাই ছাত্রজনতার ওপর ছেড়ে দেন। জনগণই ন্যায়বিচার আদায় করে নিবে।"

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য জাকিয়া শিশির তাহরিমা জান্নাত সুরভী অপ্রাপ্ত বয়স্ক উল্লেখ করে ফেসবুকে লেখেন: "জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা সুরভীর বয়স ১৭ কিন্তু আদালতে বয়স তার বয়স ২১ দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়। কোন রকম তদন্ত রিপোর্ট ছাড়াই রিমান্ড মঞ্জুর করার মধ্য দিয়ে এই বিচারিক কাঠামো প্রশ্নবিদ্ধ কার্যকলাপে যুক্ত হলো।"

এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুরভীর জামিন মঞ্জুর করেন আদালত। সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট রাশেদ খান বলেন, আজ পুলিশের রিমান্ড আবেদনের শুনানি হয়। বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়।

সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামিনের তথ্য জানানো হয়।

ওই পেজে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।’

এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত