০৮ জানুয়ারি, ২০২৬ ০১:৩৩
ছবি: সংগৃহীত
শরীয়তপুরের নড়িয়া থানায় সালিশ বৈঠকে অংশ নিতে এসে গ্রেপ্তার হয়েছেন শ্রমিকলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. আক্কাস ছৈয়াল।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্তর কক্ষে চলমান একটি সালিশ বৈঠকের সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আক্কাস ছৈয়াল (৪৮) নড়িয়া উপজেলার বিজারী ইউনিয়নের কাপাসপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শ্রমিকলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এবং বিজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমরান সরদার ও সেন্টু সরদারের সমর্থকদের মধ্যে ইরি ব্লকের শেয়ার নিয়ে সম্প্রতি মারামারির ঘটনা ঘটে। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে দুপুরে নড়িয়া থানায় সালিশ বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিশে অংশ নিতে আক্কাস ছৈয়াল থানায় উপস্থিত হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর বিকেলেই আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য