সিলেটটুডে ডেস্ক

১০ জানুয়ারি, ২০২৬ ২৩:১৬

চট্টগ্রামে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

প্রতীকি ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. জামাল একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, নিহত জামাল উদ্দিন জামায়াতে ইসলামীর সমর্থক ছিলেন।

লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, জামাল ও নাছিরকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলে জামাল নিহত ও নাছির আহত হন।

ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু কালবেলাকে বলেন, নিহত জামাল একসময় ছাত্রশিবিরের রাজনীতি করতেন। বর্তমানে তিনি জামায়াতের সক্রিয় কর্মী।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তবে কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে কারা জড়িত— সে বিষয়ে এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

 

 

আপনার মন্তব্য

আলোচিত