২৫ জানুয়ারি, ২০২৬ ২৩:৩০
ভোট শেষে কেন্দ্র আর ব্যালট বাক্স পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, তাহাজ্জুদের পর ভোট কেন্দ্রে যেতে হবে, সকাল সকাল সময়মতো ভোট দেবেন। ভোট শেষে কেন্দ্র আর ব্যালট বাক্স পাহারা দিতে হবে। কেউ যেনো ভোট জালিয়াতি করতে না পারে। ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না।
তিনি বলেন, প্রতিপক্ষের সমালোচনা করতে পারতাম কিন্তু তা করিনি। আমরা সরকার গঠন করলে কী করব মানুষ তা জানাতে চায়, সমালোচনা না। অন্যের গিবত, সমালোচনা করলে মানুষের পেট ভরবে না।
বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপির নামে শুধু বদনামই করে যাচ্ছে অন্যরা। যে যাই বলুক কিছু যায় আসে না। মানুষের জন্য কাজ করে যেতে চাই।
তিনি আরও বলেন, গত দুই-তিন দিন ধরে কয়েকটি দল বলছে, বিএনপি নাকি ধোকা দিচ্ছে। মানুষকে ধোকা দিয়ে আমাদের লাভ কী? মানুষের কাছে তো বিএনপিকে আসতে হবে। বিএনপি তো মানুষের রাজনীতি করে।
তারেক রহমান বলেন, সরকার গঠন করলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কিন্তু বিএনপিতো বলেনি পুরো মাসের বাজার করার টাকা দেবে। তবে, পুরো মাসের সহায়তা দিতে না পারলেও ৭/১০ দিনের সহায়তা দিতে চেয়েছে সরকারে এলে। কৃষি কার্ড নিয়েও নাকি বিএনপি ধোকা দিচ্ছে বলছে। চেষ্টা তো করতে পারি। না পারলে তো পরে বলতে পারবেন।
তিনি বলেন, অনেকে অনেক কথা বলছেন, তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই, তারা আবল-তাবল বলছে।
এরআগে সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে ১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শহীদ জিয়ার কর্মসূচিগুলো আমরা আবার চালু করব; যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু, ফেনী-২ আসনের বিএনপি প্রার্থী জয়নাল আবদীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু, বিএনপি কেন্দ্রীয় নেতা মশিউর রহমান বিপ্লব, আবু তালেব প্রমুখ।
আপনার মন্তব্য