২৭ জানুয়ারি, ২০২৬ ১৬:৩৫
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তারেক রহমানের সম্মতিতে মির্জা আব্বাসের নির্দেশে হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে’।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
এসময় নাহিদ ইসলাম বলেন, ‘হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করা হয়েছে। একদিকে স্টেজে উঠে ভালো ভালো কথা বলবেন, আরেকদিকে, বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, তা আমরা হতে দিবো না।’
এর আগে বলেন, ‘আগে শরিফ ওসমান হাদিকে বাধা দিয়েছে এখন নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাধা দেয়। গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিলো। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ছিলো। কিন্তু আজ এনসিপির তরুণ প্রার্থীদের টার্গেট করে হামলা করা হচ্ছে। তারা বাংলাদেশের তরুণদের ভয় পাচ্ছে।’
হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আঘাত আসলে পাল্টা আঘাতও যাবে। প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে তাহলে আমাদের যা করণীয় আমরা তাই করবো। তবে আমরা মুখোমুখি কোনো পরিবেশ চাই না। ’
তিনি আরও বলেন, ‘এসব কিছু পরিকল্পনার অংশ। যে পরিকল্পনার কথা তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে শুনে আসছি। এই পরিকল্পনা হলো যারা জনপ্রিয়তার শীর্ষে আছে তাদের হেনস্তা করা, বাধা দেওয়া, নির্বাচনকে একপাক্ষিক করা, ভোটকেন্দ্র দখল করা ও ফলাফল একপাক্ষিক করা। তবে এই প্ল্যানের রফাদফা হবে ১২ তারিখ।’
তিনি আরও বলেন, ‘তারা জামায়াতকে নিয়ে অতীতে কথা বলে, কিন্তু নিজেদের অতীতের কথা বলেন না। ২০০১-২০০৬ পর্যন্ত যে দুঃশাসন ছিলো তার জন্য তাদের ক্ষমা চেয়ে নতুন করে রাজনীতি করা উচিত ছিলো।’
মির্জা আব্বাসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘৩০ টাকা নিয়ে রাজনীতিতে এসে এখন সাম্রাজ্য গড়েছেন। আগে যা করছেন করছেন, সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে পরিণতি ভালো হবে না।’
আপনার মন্তব্য