০৩ ফেব্রুয়ারি , ২০২৬ ১৪:১৯
ছবি: সংগৃহীত
আজ রাতে পবিত্র শবেবরাত পালিত হচ্ছে। ফারসি ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। মুসলমানদের কাছে ‘শবেবরাত’ বা ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ মুক্তি ও সৌভাগ্যের রজনি হিসেবে পরিচিত।
হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এ রাত মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত ও মাগফেরাতের দরজা উন্মুক্ত করে দেন। অতীতের পাপমোচন ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও বিশেষ মোনাজাতে মগ্ন থাকেন।
পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাগরিবের নামাজের পর অনুষ্ঠানের সূচনা হবে। রাত সাড়ে ৮টায় শবেবরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানমালা শেষ হবে।
এ উপলক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এক বার্তায় দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও শবেবরাত উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পবিত্র রজনী নাজাত ও মাগফিরাতের রাত। সহিংসতা ও বিদ্বেষ পরিহার করে মানবকল্যাণে সহিষ্ণুতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও শবেবরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করছে।
শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের পরই আসে পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা মনে করেন রমজানের প্রস্তুতির সূচনা হয় এ রাত থেকেই।
আপনার মন্তব্য