সিলেটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০২৬ ১২:০৭

সিলেটে নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে ভোটকেন্দ্রে

ছবি: সিলেটটুডে

গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সিলেটসহ সারাদেশে ভোট গ্রহণ চলবে । সিলেটের ছয়টি সংসদীয় বিভিন্ন ভোটকেন্দ্রে এ উপলক্ষ্যে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

সিলেটের ছয়টি আসনে ১ হাজার ১৬টি ভোটকেন্দ্র রয়েছে। সকালে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে সিলেট-১ আসনের বিভিন্ন কেন্দ্রে সরঞ্জাম বিতরণ শুরু হয়। প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরঞ্জাম গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে পৌঁছাচ্ছেন।

শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা। বিজিবির ৫৫ থেকে ৫৭ প্লাটুন মোতায়েন রয়েছে। জেলা ও মেট্রোপলিটন পুলিশের প্রায় সাড়ে চার হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। র‍্যাবের ৫৫০ জন এবং আনসার-ভিডিপির ১৩ হাজার ২০৮ জন সদস্য কাজ করবেন।

সিলেট জেলায় মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩, নারী ১৪ লাখ ১৭ হাজার ৬১০ এবং হিজড়া ভোটার ১৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৬টি এবং ভোটকক্ষ ৫ হাজার ৭৮৭টি।

এরই মধ্যে নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য

আলোচিত