সিলেটটুডে ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০২৬ ১২:৪৩

শেরপুরে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২

শেরপুর-১ (সদর) আসনের চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করে ঘটনায় জড়িত দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে সেখানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক ব‌লেন, সিল মারা ব্যালট পেপার বা‌ক্সে ফেলা‌র আগেই তা উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় দুজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। ত‌বে, বর্তমানে সেখানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত