সিলেটটুডে ডেস্ক

১৩ ফেব্রুয়ারি , ২০২৬ ২০:৪২

ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েও হারলেন রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থীও হয়েছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও সদরের আংশিক) বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ৫৫ হাজার ৬৭০ ভোট।

বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এ আসনে ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আবু তালিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫ হাজার ৭৫০ ভোট।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ-২ আসনের মুরারীদহ গ্রামে। তিনি নির্বাচনের আগে কখনো কালীগঞ্জে আসেননি। নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি কালীগঞ্জে আসেন।

এরপর তিনি ঝিনাইদহ-২ আসন থেকে ঝিনাইদহ-৪ আসনের আড়পাড়া এলাকায় ভোটার স্থানান্তর করেন। ঝিনাইদহ-৪ আসনটি মূলত বিএনপি অধ্যুষিত।

বিএনপির মনোনয়ন না পেয়ে সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে থাকায় রাশেদ খান তৃতীয় হয়েছেন বলে মনে করছেন এই আসনের ভোটাররা।

আপনার মন্তব্য

আলোচিত