১৪ ফেব্রুয়ারি , ২০২৬ ২১:৩৪
রাজনৈতিক সৌজন্য ও শিষ্টাচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার পরিকল্পনা করেছেন।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান প্রথমে জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়।'
তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গেছে।
এর আগে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান জাতীয় ঐক্য ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, 'একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে আমি দল বা মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি।'
তিনি বলেছেন, 'নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে, এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।'
আপনার মন্তব্য