সিলেটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০২৬ ১৬:১৪

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কে পাচ্ছেন?

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির দলীয় অন্দরমহল ও রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন মন্ত্রিসভায় কার কোথায় ঠাঁই হবে এ নিয়ে। বিশেষ করে বৈশ্বিক রাজনীতিতে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রেক্ষাপট বিবেচনায় সবচেয়ে বেশি আলোচনায় পররাষ্ট্র মন্ত্রনালয় ।

সরকারে কতজন মন্ত্রী থাকবেন এবং কে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন, তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও একটি সূত্র জানিয়েছে, দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় এসে বিভিন্ন দপ্তরে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্নদের মন্ত্রিত্ব দিতে আগ্রহী দলটি।

এ নিয়ে দলের শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এরই মধ্যে আলোচনাও চলমান। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কে পেতে চলেছেন, তা নিয়েও দলের মধ্যে আলাপ-আলোচনা চলছে।

বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসন থেকে বিজয়ী আমীর খসরু মাহমুদ চৌধুরী দায়িত্ব নিতে পারেন। তিনি এর আগে বিএনপি সরকারের আমলে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকেও দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবিরকেও দায়িত্ব দেওয়া হতে পারে।

এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকেও দায়িত্ব দেওয়া হতে পারে। বিএনপির তরুণ নেতাদের মধ্য থেকেও নতুন মুখ আসতে পারে।

তবে চূড়ান্তভাবে পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব কে পালন করবেন, সে বিষয়ে জানতে আরও দু-একদিন অপেক্ষা করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত