সিলেটটুডে ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০২৬ ২২:১৩

প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

অন্য বছর এই দিনে ছাত্র শিবিরের পক্ষ থেকে শোভাযাত্রা, আলোচনার মত আয়োজন থাকলেও জামায়াত আমির কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন এবারই প্রথম।

শুক্রবার বিকালে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে’ ২১ ফেব্রুয়ারি সকালে শফিকুর রহমান শহীদ মিনারে যাবেন। ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরা তার সঙ্গে থাকবেন।

তবে শুক্রবার রাতে দলের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে নয়, জামায়াত আমির শহীদ মিনারে যাবেন আগের দিন মধ্য রাতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাত ১২টা ১ মিনিটে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।”

শহীদ মিনার থেকে তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত