২৫ ফেব্রুয়ারি , ২০২৬ ১৫:২০
মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আরেক নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার।
তার স্থলাভিষিক্ত হিসেবে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ড. মনসুর দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাংকিং খাত ভেঙে পড়ে। তার আমলে দেশের ব্যাংকগুলোর অস্তিত্ব বিপণ্ণ হয়ে যায়। অনেক ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারেনি।
ব্যাংকিং খাতের এই দুরবস্থার সময়ে তিনি নতুন নোট ছাপিয়ে আলোচনায় আসেন। তার দায়িত্ব পালনকালে তিনি তাদের আগের কর্মক্ষেত্রের সুবিধা দেওয়ার প্রতি বিশেষ নজর রাখতেন বলে অভিযোগ ওঠে।
দায়িত্বকালে নানামুখী বিতর্কের জন্ম দেওয়া আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় তিন কর্মকর্তাকে শোকজ করা হয়। পাশাপাশি প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কয়েকজন কর্মকর্তার বদলিও ঘটে। বিষয়টি ব্যাংকপাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর মধ্যেই গভর্নর পদে পরিবর্তনের সিদ্ধান্ত এলো। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া মোস্তাকুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম ও নীতিনির্ধারণী প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বলে জানা গেছে। তার সামনে এখন ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ থাকবে।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ইউনূস আমলের নিয়োগ পাওয়া লোকদের একে একে সরাচ্ছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আহসান এইচ মনসুরকে সরানো সে ধারাবাহিকতার অংশ বলে অনেকেই মনে করছেন।
আপনার মন্তব্য