সিলেটটুডে ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০২৬ ১৫:৫৫

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মো. তালেবুর রহমান বুধবার (২৫ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান জানান, 'ব্যক্তিগত ও পারিবারিক' কারণ দেখিয়ে ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতির জন্য পুলিশ সদর দপ্তরে একটি আবেদন পাঠিয়েছেন সাজ্জাত আলী।

পুলিশ সদর দপ্তরের আরেক সূত্র জানিয়েছে, 'পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপির কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন শেখ মো. সাজ্জাত আলী। বুধবার বেলা সাড়ে বারোটায় তিনি অব্যাহতিপত্র স্বাক্ষর করে তিনি পুলিশ সদরদপ্তরে পাঠান।'

বুধবার সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে একটি বার্তা পাঠানো হয়েছিল যে, কমিশনার সাজ্জাত আলী অমর একুশে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করবেন এবং পরে গণমাধ্যমকে ব্রিফ করবেন। তবে পরবর্তীতে কমিশনারের পরিবর্তে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলাম গণমাধ্যমকে ব্রিফ করেন। এ বিষয়ে বক্তব্যের জন্য সাজ্জাত আলীকে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

অবসর থেকে ফিরিয়ে এনে ২০২৪ সালের নভেম্বরে শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। আগামী ২১ নভেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তিনি আগেই পদত্যাগ করলেন।

অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ পরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়ার ঠিক একদিন পরই ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর সামনে এল। সোমবার সরকার নতুন আইজিপি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

সাজ্জাত আলী ১৯৮৪ সালে ৬ষ্ঠ বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত