২৫ ফেব্রুয়ারি , ২০২৬ ১৭:২৩
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের গাড়ি বাহরে হামলার অভিযোগ উঠেছে।। স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ তার গাড়িবহর নিয়ে ওই এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ নেতা বেলাল মাঝির নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা একত্রিত হয়ে গাড়িবহর লক্ষ্য করে গুলি বর্ষণ করে এবং অতর্কিত হামলা চালায়।
হামলার মুখে এনসিপির কর্মী-সমর্থকরা প্রতিরোধ গড়তে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে হামলাকারীরা তাদের ১০টির বেশি মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং পাঁচজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রেখেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তাদের সামনেই প্রকাশ্যে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীদের মহড়া দিতে দেখা গেছে।
জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফ বলেন, "পুলিশের উপস্থিতিতে আমাদের ওপর এভাবে হামলা করা হয়েছে, অথচ পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। প্রশাসনের এমন রহস্যময় ভূমিকা আমাদের অবাক করেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এভাবে হামলা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন-পরবর্তী সময়ে আমাদের প্রায় ২০ জন নেতাকর্মীর ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে সন্ত্রাসীরা। এসব বিষয়েও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।"
বর্তমানে আব্দুল হান্নান মাসুদ তার অনুসারীদের নিয়ে প্রকল্প এলাকায় অবস্থান করছেন। জানতে চাইলে তিনি বলেন, "হামলাকারী সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার করা না পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।"
এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, "আমাদের পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা বিষয়টি সম্পূর্ণ না জেনে কোনো মন্তব্য করব না।"
আপনার মন্তব্য